মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬-এর সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের দুটি স্থাপত্য

· Prothom Alo

স্থাপত্যক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের দুটি স্থাপত্য প্রকল্প। এগুলো হলো ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি।

আজ বৃহস্পতিবার দ্য রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) ২০২৬ সালের এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। তালিকায় স্থান পেয়েছে চারটি প্রকল্প, যার দুটিই বাংলাদেশের। অপর দুটি প্রকল্প বেলজিয়ামের। সেগুলো হলো রয়্যাল বেলজ ও জেড৩৩।

Visit zeppelin.cool for more information.

রিবার পক্ষে পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রিবার ওয়েবসাইট ও ফেসবুক পেজেও এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্তাশীল নকশা কীভাবে মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত করার পাশাপাশি পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে পারে, তা দেখিয়েছে এই প্রকল্পগুলো।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পর্কে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ নগর পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে এটি একটি নতুন ধরনের নকশার দৃষ্টান্ত তৈরি করেছে। ব্যাপক সবুজায়নের মাধ্যমে ক্যাম্পাসটিতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে শিক্ষা, পারস্পরিক যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন পরিসর তৈরি করা হয়েছে। টেকসইতা, শিক্ষা ও জনজীবনের সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দেখিয়েছে, স্থাপত্য কীভাবে পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করার পাশাপাশি একটি শহরের সামগ্রিক পুনরুজ্জীবনেও ভূমিকা রাখতে পারে।

গ্রিন ফিল্ড ফ্যাক্টরি সম্পর্কে বলা হয়েছে, কারখানাটিকে শুধু কাজের জায়গা হিসেবে নয়, কর্মীদের সুস্থতা ও কমিউনিটির জন্যও একটি পরিসর হিসেবে নতুনভাবে ভাবা হয়েছে। এখানে এমন কর্মপরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে প্রাকৃতিকভাবে বাতাস চলাচল করে। কর্মীরা আশপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। এখানে সবুজায়ন, প্রাকৃতিক আলো ও বাতাসের প্রবাহ কাজে লাগানো হয়েছে। এতে যান্ত্রিক শীতাতপনিয়ন্ত্রণের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বিশ্রাম, পারস্পরিক যোগাযোগ ও বিনোদনের জন্যও বিভিন্ন পরিসর তৈরি হয়েছে। কর্মীদের অভিজ্ঞতা ও সুস্থতাকে নকশার কেন্দ্রে রেখে গ্রিন ফিল্ড দেখিয়েছে, শিল্পস্থাপত্য কীভাবে শহরের পুনরুজ্জীবনে ভূমিকা রাখতে পারে।

প্রতি দুই বছর পরপর রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ দেওয়া হয়। এবার পঞ্চমবারের মতো এই পুরস্কার দেওয়া হচ্ছে। বিজয়ী প্রকল্পের নাম আগামী ১৫ অক্টোবর ঘোষণা করা হবে।

রিবা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স বিজয়ী বাংলাদেশের দুটি স্থাপত্য প্রকল্প

Read full story at source