পল্লবীতে ‘গোল দিলেই ফ্রি শপিং’ অফার ঘিরে তুলকালাম, বিক্রয়কেন্দ্রে পুলিশের তালা

· Prothom Alo

‘গোলপোস্টে দুটি শট নিয়ে একটি গোল করলেই তিন হাজার টাকার কেনাকাটা একদম ফ্রি’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন দেখে শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীতে ‘লাইভ শপিং’ নামের একটি বিক্রয়কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়েন শত শত মানুষ। তবে ভেতরে ঢুকে শর্ত ছাড়া পণ্য না পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ এসে উত্তেজিত জনতাকে দোকান থেকে বের করে তালা ঝুলিয়ে দেয়। অথচ বিজ্ঞাপনের নিচে খুব ছোট অক্ষরে লেখা ছিল ‘সিএ’ (কন্ডিশনস অ্যাপ্লাই) বা শর্ত প্রযোজ্য।

লাইভ শপিংয়ের লাইফস্টাইল পণ্যের এই নতুন বিক্রয়কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠান ছিল বিকেলে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের অভিযোগ, বিক্রয়কেন্দ্র উদ্বোধন উপলক্ষে দেওয়া ‘ফ্রি শপিংয়ের অফার’ ঘিরে একশ্রেণির মানুষ ‘উদ্দেশ্যমূলকভাবে’ সেখানে ঢুকে হামলা ও লুটপাট চালিয়েছে।

Visit betsport.cv for more information.

তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির রাতে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উত্তেজিত প্রায় দুই হাজার মানুষকে দোকান থেকে বের করে দিয়ে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেয়। তিনি বলেন, প্রতিষ্ঠানটির যে অফার ছিল, তার নিচে খুব ছোট করে লেখা ছিল ‘সি এ’ (কন্ডিশনস অ্যাপ্লাই)। সাধারণ মানুষ বিষয়টি বুঝতে না পেরে হুড়মুড় করে চলে আসে। পরে সেখানকার কর্মীদের সঙ্গে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। পুলিশ এসে সবাইকে বের করে তালা লাগিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে যায়। সেখানে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বলা হয়েছে, তারা যেন বড় অক্ষরে শর্তাবলি লিখে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিষ্কার করে।

এর আগে বিকেল চারটার দিকে ‘লাইভ শপিংয়ের’ ফেসবুক পেজ থেকে ‘সাহায্য চেয়ে’ দেওয়া এক পোস্টে বলা হয়, তাদের ওই বিক্রয়কেন্দ্রে কিছু দল ইচ্ছা করে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এরপর একাধিক লাইভ ভিডিওতে সেখানকার হট্টগোল প্রচার করা হয়। এর ঘণ্টাখানেক পর দেওয়া আরেক পোস্টে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানানো হয়। এরপর এক লাইভ ভিডিওতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আশিক খান বলেন, শুক্রবার বেলা তিনটায় তাঁদের ‘লাইভ শপিং ফ্যাক্টরি আউটলেটটি’ উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে তিন হাজার টাকার ফ্রি শপিংয়ের অফার দেওয়া হয়েছিল।

শর্ত সাপেক্ষ ওই অফারটি ছিল—ন্যূনতম তিন হাজার টাকার কেনাকাটা করলে ক্রেতা গোলপোস্টে দুটি শট নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে যেকোনো একটি গোল করতে পারলে তিনি তিন হাজার টাকা ‘ক্যাশব্যাক’ পাবেন। ফলে তাঁর কেনাকাটা কার্যত ‘ফ্রি’ হয়ে যাবে বলে আশিক খান দাবি করেন। ওই ভিডিওতে তিনি বিক্রয়কেন্দ্রে ‘লুটপাট’ ও বিক্রয় প্রতিনিধিদের মারধরের অভিযোগ তুলে বলেন, ১০-১৫ ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে। অনেক গ্রাহকের ব্যাগ চুরি এবং জুতাসহ বিভিন্ন পণ্য লুট হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সাধারণ ক্রেতারা কেনাকাটা করছিলেন এবং খেলায় অংশ নিচ্ছিলেন। কিন্তু একটি চক্র ভেতরে ঢুকে মারধর করে সবকিছু নষ্ট করেছে। অফারটি ঘিরে ঘটনার সময় সেখানে সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

Read full story at source