হবু স্বামী সাধারণ চাকরিজীবী, জানালেন কোরীয় অভিনেত্রী

· Prothom Alo

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী বেক জিন-হি বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁর হবু স্বামীকে নিয়ে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। এবার নিজেই তাঁর হবু স্বামীর পেশা সম্পর্কে জানিয়েছেন অভিনেত্রী। বেক জিন-হির দাবি, তিনি কোনো ব্যবসায়ী বা অর্থশালী ব্যক্তি নন, কানাডায় কর্মরত একজন সাধারণ চাকরিজীবী।

Visit rouesnews.click for more information.

৮ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বেক জিন-হি বলেন, বিয়ের খবরটি প্রথমে নিজেই ভক্তদের জানাতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। তাই নিজের মুখে সুখবরটি জানাতেই ক্যামেরার সামনে আসেন তিনি।

ভিডিওতে বেক জিন-হি বলেন, ‘আমি বিয়ে করছি।’ বিয়ের খবর প্রকাশের পর পাওয়া শুভেচ্ছায় অভিভূত এ অভিনেত্রী। তিনি বলেন, জীবনে আগে কখনো এত মানুষের কাছ থেকে একসঙ্গে অভিনন্দন পাননি।

বেক জিন-হি

বেক জিন-হি দক্ষিণ কোরিয়ায় থাকলেও তাঁর হবু স্বামী থাকেন কানাডায়। একে অপরের সঙ্গে দেখা করতে দুজনকেই প্রায় ১৪ ঘণ্টা বিমানযাত্রা করতে হয়েছে। দূরত্বের কারণে সম্পর্কটি সহজ ছিল না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তবে এই সম্পর্ক তাঁকে বদলে দিয়েছে। তাঁর ভাষায়, ছোটখাটো বিষয়েও তিনি জোরে হেসে ওঠেন। এই মানুষটির কাছ থেকেই তিনি শিখেছেন, প্রতিদিনের সাধারণ জীবনও কতটা আনন্দের হতে পারে।

হবু স্বামীর পেশা নিয়ে বেক জিন-হি বলেন, ‘তিনি একজন সাধারণ চাকরিজীবী।’ তিনি ব্যবসায়ী নন, অর্থজগতের সঙ্গেও যুক্ত নন। এমনকি বিপুল সম্পদের মালিকও নন। বরং শুক্রবার সকালে অফিস শেষ হওয়ার পর কী করবেন, তা নিয়েই আনন্দে মেতে ওঠেন তাঁর হবু স্বামী।

তবে হবু স্বামীর ব্যক্তিগত পরিচয় প্রকাশ করতে চান না বেক জিন-হি। কারণ, বিয়ের সঙ্গে দুই পরিবারের বিষয়ও জড়িয়ে আছে। অভিনেত্রী বলেন, নিজের ব্যাপারে যতটা ইচ্ছা বলতে পারেন, কিন্তু ভবিষ্যৎ পরিবারের সদস্য হতে যাওয়া মানুষটির কোনো ক্ষতি বা অস্বস্তি হোক, তা তিনি চান না।

বিয়ের আগে নিজের মধ্যেও নানা ধরনের অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন বেক জিন-হি। বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে অনেক কিছু নিয়ে ভাবছেন তিনি। তবে নিজের পেশার কারণে মানুষের আগ্রহ থাকলেও সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়—ভক্তদের বিষয়টি বোঝার অনুরোধ করেছেন এ অভিনেত্রী।

আগামী ২৩ জানুয়ারি বিয়ে করছেন বেক জিন-হি।

চোসন ডেইলি অবলম্বনে

Read full story at source