সাশ্রয়ী মূল্যে গুণগত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

· Prothom Alo

সরকার সাশ্রয়ী মূল্যে গুণগত সংযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, গুণগত ও অর্থবহ কানেকটিভিটিই (সংযোগ) এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।

আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় বেতার যোগাযোগ, স্পেকট্রাম ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি ও আইনি সীমা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।

Visit newsbetting.cv for more information.

মন্ত্রী জানান, চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে ১৯ কোটির বেশি মুঠোফোন গ্রাহক রয়েছে। এর মধ্যে ১০ কোটির বেশি গ্রাহক ৪-জি সেবা ব্যবহার করছেন। দেশে বর্তমানে ৪৯ হাজারের বেশি ৪-জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।

এসব পরিসংখ্যান উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন শুধু সংযোগ বাড়ানো নয়, গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা ও অর্থবহ কানেকটিভিটি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। একই সঙ্গে এআই, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ৫-জিসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, জাতীয় ও আন্তর্জাতিক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা, সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং টেলিযোগাযোগ সেবা আরও সাশ্রয়ী করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য শিল্পে ডিজিটাল সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান, এপিটির সেক্রেটারি জেনারেল মাসানোরি কোন্দো এবং এপিটি ওয়্যারলেস গ্রুপের সভাপতি দাইজুং কিম।

Read full story at source