শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, একজন আটক
· Prothom Alo

রাজধানীর শনির আখড়া এলাকায় দোকানে ঢুকে আসলাম খান (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গুলি করে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
Visit casino-promo.biz for more information.
শনিবার রাত সাড়ে আটটার দিকে কদমতলী থানাধীন শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে লাকি ক্রোকারিজ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। আসলাম খান ওই দোকানের মালিক।
আসলামের বাঁ হাতের কনুইয়ের ওপরে এবং মুখের ডান পাশে গুলি লেগেছে। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
আসলামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর শনির আখড়ার পলাশপুর এলাকায় থাকেন।
আহত আসলামের বন্ধু আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার সময় দুজন দোকানে প্রবেশ করে। একজন আসলামকে লক্ষ্য করে গুলি করে। আসলামের বাঁ হাতের কনুইয়ের ওপরে এবং মুখের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা একজনকে আটক করেছে। অন্যজন পালিয়ে গেছে।
তবে ঠিক কী কারণে আসলামকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও মন্তব্য করেন আনোয়ার হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, গুলিবিদ্ধ আসলাম খানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।