বিমানের কর্মীর পরিহিত বেল্ট থেকে ২৫ কোটি টাকার সোনা উদ্ধার

· Prothom Alo

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে সোনার ১২০টি বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা সোনার মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

Visit afsport.lat for more information.

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনবিআরের তথ্য অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এ সোনা চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টম হাউস। পরে কাস্টমস কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানে বিশেষ তল্লাশি চালায়।

বিমানটির মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে বিমান থেকে নামার সময় তাঁদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে সোনার ১২০টি বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা বলে জানিয়েছে এনবিআর।

কাস্টমসের প্রাথমিক ধারণা, মো. সোয়েব গাজী কালো স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে নিয়ে আসেন। পরে এগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।

এনবিআর জানায়, জব্দ করা সোনার বারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা করা হয়েছে। এ ছাড়া অখালাস করা বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি-সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Read full story at source