লংমার্চ করবেন—ঠিক আছে, কিন্তু গ্যাস–বিদ্যুৎ কীভাবে পাব অল্টারনেটিভ বলুন
· Prothom Alo

গ্যাস ও বিদ্যুৎ–সংকট নিরসনে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে বিকল্প পরিকল্পনা ও পরামর্শ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ–সংকট তৈরি হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
আজ শুক্রবার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন— ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ (বিকল্প উপায়) বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।’
বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিরোধী দলের একটি পরিকল্পনা দেওয়া উচিত বলে মন্তব্য করেন রিজভী। তাঁর মতে, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়াও প্রয়োজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না; বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।’ অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দেশ আরও অন্ধকারের দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ–সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এ সংকট সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও দাবি করেন তিনি।
আন্তবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীএ সময় অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান, জাকির হোসেন রুকন প্রমুখ। পরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।
‘ছেলেমেয়েদের সমান অংশগ্রহণ না হলে দেশ পিছিয়ে যাবে’
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলেমেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ ও সমাজ পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আন্তবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আমরা জানি যে আমাদের সমাজে অনেক বাধা আছে। কিন্তু পৃথিবীর প্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে খেলাধুলার সেক্টরে। মেয়েদের মধ্যে যদি আমরা একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ পাই, তাহলে বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে দেয়। অন্যান্য সেক্টরের নারীদেরও উজ্জীবিত করে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। অন্যথায় দেশ পিছিয়ে যাবে। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টি জোরালোভাবে অনুধাবন করেছেন। এ জন্য তিনি নতুন কুঁড়ি স্পোর্টস করেছেন। যে যোগ্য তাকে সম্মান দেখাতে হবে। প্রতিটি মহানগর, জেলায় জেলায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে।’
বাংলাদেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ বলেন, উগ্র রক্ষণশীলতা, ধর্মান্ধতা এবং জান্নাতের টিকিট বিক্রয়কারী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে মেয়েদের খেলাধুলার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।