ইউটিউব ভিডিওতে অ্যামাজনের পণ্য ট্যাগ করে আয়ের সুযোগ

· Prothom Alo

ইউটিউবের ভিডিওতে অ্যামাজনের পণ্য ট্যাগ করে এখন আয় করতে পারবেন আধেয় (কনটেন্ট) নির্মাতারা। নতুন এই সুবিধা চালুর ফলে শর্টস, দীর্ঘ ভিডিও ও সরাসরি ভিডিও সম্প্রচারের (লাইভ) সময় অ্যামাজনের বিভিন্ন পণ্য ট্যাগ করে বিক্রির ওপর কমিশন পাওয়া যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা নির্বাচিত আধেয় নির্মাতারা এই সুযোগ পাবেন বলে জানিয়েছে ইউটিউব।

এত দিন ইউটিউবের শপিং অ্যাফিলিয়েট কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণা করে বিক্রির ওপর কমিশন পেতেন আধেয় নির্মাতারা। এ জন্য নির্মাতাদের ভিডিওর বিবরণে অ্যামাজন অ্যাসোসিয়েটসের লিংক যুক্ত করতে হতো। দর্শক সেই লিংকে গিয়ে পণ্য কিনলে তবেই কমিশন পাওয়া যেত। নতুন ব্যবস্থায় ভিডিওর মধ্যেই সরাসরি পণ্য ট্যাগ করা যাবে। ফলে দর্শককে আলাদা করে ভিডিওর বিবরণে গিয়ে পণ্যের লিংক খুঁজতে হবে না। শুধু তা–ই নয়, অ্যামাজনের বিপুল পণ্যের তালিকা যুক্ত হওয়ায় নির্মাতারা আরও বেশি পণ্য সহজে দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন।

Visit milkshakeslot.online for more information.

ইউটিউব জানিয়েছে, বেশি চাহিদাসম্পন্ন ও জনপ্রিয় পণ্যের একটি বাছাই করা তালিকা ইউটিউবকে সরবরাহ করবে অ্যামাজন। নির্মাতারা সেই তালিকা থেকে নিজেদের ভিডিওতে পণ্য ট্যাগ করতে পারবেন। তালিকায় প্রয়োজনীয় কোনো পণ্য না থাকলে ইউটিউবের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে সেটি যুক্ত করার অনুরোধ জানানো যাবে। পণ্য ট্যাগ করার কাজ স্বয়ংক্রিয় করার সুবিধাও থাকছে। তবে কোন পণ্য বা কোন ভিডিও থেকে কত কমিশন এসেছে, তার বিস্তারিত হিসাব ইউটিউব স্টুডিওতে দেখা যাবে না। সেখানে নির্মাতারা শুধু প্রতিদিনের মোট আয় দেখতে পারবেন। কোনো দর্শক কেনা পণ্য পরে ফেরত দিলে সেই পণ্য বিক্রির জন্য পাওয়া কমিশনের অর্থ নির্মাতার হিসাব থেকে কেটে নেওয়া হবে।

আয়ের নতুন এই সুবিধা আপাতত যুক্তরাষ্ট্রে চালু হলেও দেশটির নির্মাতাদের ভিডিওতে যুক্ত করা পণ্যের ট্যাগ বিশ্বের অন্যান্য দেশের দর্শকেরাও দেখতে পারবেন। এ বিষয়ে ইউটিউব জানিয়েছে, বিদেশের কোনো দর্শক ট্যাগ করা পণ্য সম্পর্কে জানতে আগ্রহী হলে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় কোনো বিশ্বস্ত বিক্রেতার পণ্য দেখাতে পারে। সেই পণ্য বিক্রি হলেও কমিশন পাবেন নির্মাতারা। কোনো দেশে স্থানীয় বিক্রেতার কাছ থেকে উপযুক্ত পণ্য পাওয়া না গেলে দর্শককে অ্যামাজনের যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে পাঠানো হবে। সেখানে পণ্য কেনা সম্পন্ন হলে সেই বিক্রির জন্য কমিশন দেওয়া হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

Read full story at source