বোনকে নিয়ে ‘দৃষ্টিকটু’ ভিডিও ভাইরাল , ২০০ টাকা জরিমানায় ছাড়া পেলেন তরুণ
· Prothom Alo

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বোনের সঙ্গে ফরিদপুরের এক তরুণের ‘দৃষ্টিকটু’ ভিডিও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় পুলিশের কাছে আটক তরুণ আদালতে জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন।
২০ বছর বয়সী ওই তরুণের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। পাঁচ বছর বয়সী বোনকে নিয়ে তিনি ভিডিওটি করেছেন। গত শনিবার রাত ১১টার দিকে পুলিশ ওই তরুণকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান।
Visit asg-reflektory.pl for more information.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোনের সঙ্গে ওই তরুণের একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আপত্তির কারণে ভিডিওটি মুছে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ২০ সেকেন্ডের একটি ভিডিও নিজের টিকটক অ্যাকাউন্টেও পোস্ট করেন ওই তরুণ। ভিডিওটি ১৬ লাখের বেশি মানুষ দেখেছে। ভিডিওতে দেখা যায়, ওই তরুণ তাঁর বোনকে কোলে নিয়ে দৃষ্টকটু আচরণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
সমালোচনার মধ্যে নিজের ফেসবুক পেজে গতকাল শনিবার বিকেলে লাইভে আসেন ওই তরুণ। ৫১ মিনিট ৩৪ সেকেন্ডের লাইভের এক পর্যায়ে বলেন, এমন যুগ আসছে, বোনকেও চুমু দেওয়া যাবে না।
লাইভের পুরোটা সময় ওই তরুণকে অস্থির ও অশান্ত দেখাচ্ছিল। লাইভের বিভিন্ন অংশে তিনি বাংলাদেশ, দেশের মানুষ ও সমালোচকদের গালমন্দ করেন।
ওই তরুণকে আটক করতে গিয়েছিলেন ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক হিরামন বিশ্বাস। তিনি জানান, ভিডিওতে অশ্লীল কিছু পাওয়া যায়নি। তাঁরা দুজন আপন ভাই বোন। তবে বিষয়টি দৃষ্টিকটু দেখা গেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ওই তরুণকে পাবলিক নুইসেন্স (জন–উপদ্রব) করার অভিযোগে পেনাল কোডের ২৯০ ধারায় অভিযুক্ত করে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই ধারা অনুযায়ী সর্বোচ্চ ২০০ টাকা জরিমানার কথা উল্লেখ আছে।
ওই তরুণের এমন কাণ্ডে বিব্রত বাবা বলেন, ‘কী বলব, বুঝতে পারছি না। ও টিকটকে এসব কী করেছে আমি ঠিক জানি না। পুলিশ আসার পর সব জানতে পেরেছি।’
আজ বিকেলে ওই তরুণকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে জরিমানার ২০০ টাকা পরিশোধ করে ছেলেকে মুক্ত করে বাড়িতে নিয়ে এসেছেন বাবা। তিনি বলেন, ‘সব সমস্যা ক্লিয়ার হয়ে গেছে।’
বর্তমানে দেশের তরুণসমাজের মধ্যে রাতারাতি ভাইরাল হওয়ার প্রবণতা রোগের পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন। ভিডিওটি সুস্থতার প্রতিচ্ছবি হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘বিভ্রান্ত তারুণ্যকে আমাদের নিজেদের উদ্যোগে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কাজ করে যেতে হবে।’