কক্সবাজারে সাগরে নিখোঁজ পর্যটকের লাশ পাওয়া গেল ৯ কিলোমিটার দূরে
· Prothom Alo

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাতটার দিকে জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া সৈকত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার বেলা সোয়া দুইটার দিকে ওই এলাকা থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত সুগন্ধা সৈকত এলাকায় সাগরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
Visit somethingsdifferent.biz for more information.
নিহত পর্যটকের নাম ইব্রাহিম খান (২৩)। তিনি ঢাকার জেডকেপি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বুধবার ইব্রাহিমের সঙ্গে মো. ইয়াসিন (২৫) নামের আরেক পর্যটক সাগরের পানিতে ডুবে যান। তবে ওই দিনই তাঁর লাশ উদ্ধার করেন সি-সেফ লাইফগার্ডের সদস্যরা। ইয়াসিন ও ইব্রাহিম দুজন সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা জানান, ইব্রাহিম, ইয়াসিনসহ পাঁচজন সুগন্ধা সৈকতে গোসলে নেমেছিলেন। এ সময় বড় ঢেউয়ের ধাক্কায় ইব্রাহিম খান ও ইয়াসিন ভেসে যান। পরে সি-সেফ লাইফগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে মো. ইয়াসিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে সি-সেফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, নিখোঁজের পর থেকে ইব্রাহিমের সন্ধান করা হচ্ছিল। আজ সকাল ছয়টার দিকে জোয়ারের পানিতে ইব্রাহিমের লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ পর্যটক ইব্রাহিমের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।