বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতের নাগরিক গ্রেপ্তার
· Prothom Alo
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি কুশসহ ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম হুসাইন আবদুল কাদের শেখ (৪৮)। তিনি ভারতের কর্ণাটকের বাসিন্দা।
Visit afsport.lat for more information.
শনিবার বিকেলে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা দুইটার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় ডিএনসির একটি বিশেষ দল। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা হুসাইন আবদুল কাদের শেখকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচ থেকে বিশেষভাবে লুকানো তিন কেজি কুশ উদ্ধার করা হয়।
ডিএনসি আরও জানায়, কুশের পাশাপাশি তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড, একটি মুঠোফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ, ৪০০ ভারতীয় রুপি এবং একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হুসাইন আবদুল কাদের শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।