শিগগিরই চালু হতে পারে টেসলার সাইবারক্যাব
· Prothom Alo

টেসলার স্টিয়ারিং হুইলবিহীন দুই আসনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে চলতি মাসেই গাড়িটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এ বিষয়ে টেসলা আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও প্রতিষ্ঠানটির রোবোট্যাক্সি বিভাগের এক্স অ্যাকাউন্টের পোস্টে শিগগিরই গাড়িটির কার্যক্রম চালু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্টিনে সাইবারক্যাব চালুর প্রস্তুতি নিচ্ছে টেসলা। তবে শুরুতে টেসলার নিজস্ব কর্মীদের সাইবারক্যাব ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। পরে অস্টিনে চালু থাকা টেসলার রোবোট্যাক্সি সেবায় সাইবারক্যাব যুক্ত করা হবে। তবে সাইবারক্যাবের বাণিজ্যিক যাত্রার পথে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, বর্তমানে স্টিয়ারিং হুইলবিহীন গাড়ি দিয়ে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা পরিচালনার অনুমতি নেই। অবশ্য বিশেষ অনুমোদন পাওয়ার সুযোগ রয়েছে।
Visit freshyourfeel.org for more information.
টেসলার রোবোট্যাক্সি সেবায় বর্তমানে মডেল ওয়াই গাড়ি ব্যবহার করা হচ্ছে। আর তাই টেসলার জন্য সাইবারক্যাবের যাত্রা শুরু গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। কারণ, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যাপক পরিসরে উৎপাদনের জন্য থাকা গাড়িগুলোর মধ্যে সাইবারক্যাব অন্যতম। প্রচলিত গাড়ির তুলনায় এর নকশা ও ব্যবহারের ধরনও আলাদা। সাইবারক্যাবে মাত্র দুটি আসন রয়েছে। গাড়িটিতে কোনো স্টিয়ারিং হুইল নেই। মূলত স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিবহনের জন্যই এটি তৈরি করা হয়েছে। ফলে গাড়ির চলাচল ও যাত্রী পরিবহনের পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির ওপর নির্ভর করবে।
প্রসঙ্গত, বর্তমানে টেসলার রোবোট্যাক্সি সেবা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কিছু এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে চালু রয়েছে। রোবোট্যাক্সি পরিচালনার জন্য টেসলা ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করছে। প্রযুক্তিটি উন্নত হলেও এতে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
সূত্র: ম্যাশেবল