ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন, অপ্রয়োজনীয় ধাপ কমানো হবে
· Prothom Alo

ব্যবসা-বাণিজ্য সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ২২ সদস্যের এই টাস্কফোর্স করা হয়। এই টাস্কফোর্সে ব্যবসায়ী প্রতিনিধিও আছেন।
Visit salonsustainability.club for more information.
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণবিষয়ক জাতীয় টাস্কফোর্স গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ব্যবসা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে। চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় একই ঘোষণা দেওয়া হয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। এসবের অংশ হিসেবে সরকার ব্যবসা সহজ করার টাস্কফোর্স গঠন করেছে বলে জানা গেছে।
৭ ধরনের কাজ হবে
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুসারে এই টাস্কফোর্সের সাত ধরনের কাজ ঠিক করা হয়েছে। এর মধ্য অন্যতম প্রধান কাজ হলো বাণিজ্যের ওপর থেকে নিয়ন্ত্রণ কমানোর পথনকশা তৈরি এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা। এর পাশাপাশি লাইসেন্স অনুমোদন, ছাড়পত্র, কর, শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার, নির্মাণ, পরিবেশ ও স্থানীয় সেবায় অপ্রয়োজনীয় ধাপ চিহ্নিত করে নির্দেশনা দেওয়াও এই টাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে আছে।
অন্য কাজগুলো সিঙ্গেল উইন্ডোতে স্বয়ংক্রিয় অনুমোদন ও অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া; আন্তমন্ত্রণালয় ও আন্তসংস্থার মধ্যে জটিলতা দ্রুত নিষ্পত্তি করা; আইন, বিধি, নীতিমালা, প্রজ্ঞাপন ও প্রশাসনিক আদেশ সংশোধনের প্রয়োজনীয়তা চিহ্নিত করা; বিনিয়োগকারী ও সেবা গ্রহীতার অভিযোগ, অনিয়ম ও বিলম্ব তদারকি ও এই টাস্কফোর্সের নিকট উপস্থাপন; ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতি পর্যালোচনা করা।
টাস্কফোর্সে শিল্প ও বাণিজ্যমন্ত্রী; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ নির্বাহীরা আছেন। টাস্কফোর্সে ব্যবসায়ী সমাজের মধ্যে শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), ঢাকা চেম্বার ও মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি আছেন। অর্থ বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করবেন।