‘ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল’

· Prothom Alo

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। তবে এরপরও লিওনেল স্কালোনির দলকে ইতিহাসের সেরা আর্জেন্টিনা দল বলে আখ্যা দিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

Visit playerbros.org for more information.

এএফএর স্পনসর ডে অনুষ্ঠানে বক্তব্যে তাপিয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোয় জাতীয় দলের ধারাবাহিক সাফল্যই তাদের ইতিহাসের সেরা দলের মর্যাদা এনে দিয়েছে। একই অনুষ্ঠানে তিনি স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে স্কালোনির দলের পারফরম্যান্সের প্রশংসাও করেন তাপিয়া।

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারলেও স্কালোনির দল ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা—এই চারটি বড় শিরোপা জিতেছে। অর্থাৎ টানা পাঁচটি বড় ফাইনাল খেলে জিতেছে চারটিতে।

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করায় মাকেও বকা দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার

তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খেলে চারটিতে জয়—আমার মনে হয়, এটাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল। তারা ফলাফল দিয়ে এর প্রতিনিধিত্ব করেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারলেও তাদের পারফরম্যান্স নিয়ে আমরা গর্বিত। এই ছেলেরা আমাদের পতাকাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছে, এতে আমরা খুবই আনন্দিত।’

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া

২০২৬ বিশ্বকাপের কঠিন সূচি ও ভিন্ন পরিবেশের কথাও তুলে ধরেন এএফএ সভাপতি। তাঁর ভাষায়, ‘এবারের বিশ্বকাপে দলের সংখ্যা ছিল বেশি, ম্যাচও ছিল অনেক বেশি। সময়ের পার্থক্যসহ নানা চ্যালেঞ্জ ছিল। তবু এ দলটি দীর্ঘদিন ধরে যেভাবে নিজেদের মান ধরে রেখেছে, এবারও সেটিই করেছে।’

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন দেওয়া শতাধিক ব্র্যান্ডকে নিয়ে আয়োজন করা হয় এএফএ স্পনসর ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালাসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিও গোয়কোচেয়া। এএফএর পক্ষে অনুষ্ঠানে অংশ নেন সভাপতি ক্লদিও তাপিয়া।

Read full story at source