এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন ব্যবসায়ী ফজলুল হক
· Prothom Alo
ব্যবসায়ীদের দাবি মুখে অবশেষে ব্যবসায়ী মহল থেকেই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক। এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সঙ্গে যুক্ত আছেন তিনি।
Visit bettingx.bond for more information.
রাজধানী মতিঝিলে ফেডারেশন ভবনে আজ রোববার সকালে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মো. ফজলুল হক। তারপর ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয়। তার পর থেকে পদটি ফাঁকা ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে তৎপর হয় সংগঠনটির সদস্যদের একাংশ। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ওই বছরের ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশাসক হিসেবে হাফিজুর রহমান এক বছর দায়িত্ব পালন করলেও তাঁর মেয়াদে নির্বাচন দিয়ে যেতে পারেননি। তবে তাঁর মেয়াদে তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর একাধিক ব্যবসায়ী বাণিজ্য সংগঠন বিধিমালার বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন। এতে নির্বাচন আটকে যায়।
হাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর দেড় মাস প্রশাসক পদ শূন্য ছিল। এরপর ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাঁকে ১২০ দিন বা ৪ মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। তবে মামলার কারণে তিনিও নির্বাচন দিতে পারেননি।
গত ফেব্রুয়ারিতে আবদুর রহিম খানের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়, গত ২৬ জুন যা শেষ হয়।
গত মে মাসে এফবিসিসিআইয়ের সদস্যদের একাংশের জোট এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা ব্যবসায়ী প্রশাসক নিয়োগসহ বিভিন্ন দাবিতে তৎকালীন প্রশাসক আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করেন। তখন আবদুর রহিম খান বাণিজ্যসচিবের চলতি দায়িত্বও পালন করছিলেন। তিনি সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন।
জানতে চাইলে এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনতে সরকার যে দায়িত্ব দিয়েছে, সেটি পালন করতে যথাযথ চেষ্টা করব।’ এ জন্য ফেডারেশনের সদস্যসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।