তরুণ নেতৃত্ব খুঁজতে ইউনিলিভারের প্রতিযোগিতা, বিজয়ী সোপ-আর-স্টারস
· Prothom Alo

ইউনিলিভার বাংলাদেশের ব্যবসায়িক প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোস এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘সোপ-আর-স্টারস’ দল। দলটির সদস্য মীর রামিসা রাইয়ান, ফাইয়াজ আমিন ও রুশমিলা হাবিব বিজয়ীর ট্রফি জিতেছেন।
Visit michezonews.co.za for more information.
প্রথম রানার্সআপ হয়েছে ‘লকড আউট’ ও দ্বিতীয় রানারআপ ‘ব্রেকিং গুড’ দল। ফাইনালে প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধানে নিজেদের উদ্ভাবনী প্রস্তাব উপস্থাপন করেন। উদ্ভাবন, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য ব্যবসায়িক প্রভাবের ভিত্তিতে বিচারকেরা বিজয়ী নির্বাচন করেন।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ পরিচালক সাইয়েদা দুরদানা কবির বলেন, ‘যারা প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে, নতুনভাবে ভাবতে ও সাহসী চিন্তা বাস্তবে রূপ দিতে প্রস্তুত, ভবিষ্যৎ তাদের হাতেই।’ তাঁর ভাষ্য, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ-উপযোগী নেতৃত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার এই প্রথম বিজমায়েস্ট্রোস ও ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ইউনিলিভার। নেতৃত্বের দক্ষতা বিকাশ, বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান ও কর্মজীবনের শুরুতে নিয়োগের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
প্রতিযোগিতায় আবেদন, যোগ্যতা মূল্যায়ন ও ডিজিটাল সাক্ষাৎকার শেষে নির্বাচিত ৪৫ জন অংশগ্রহণকারী বুটক্যাম্পে অংশ নেন। পরে তাঁদের মধ্য থেকে ১৮ জনকে ছয়টি দলে ভাগ করে গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
ইউনিলিভার বাংলাদেশ জানায়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি কোম্পানির বিভিন্ন বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেরা অংশগ্রহণকারীরা ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামের চূড়ান্ত সাক্ষাৎকারে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের চাকরি ও ইউনিলিভার লিডারশিপ ইন্টার্নশিপ কর্মসূচির জন্য বিবেচিত হবেন তাঁরা।