বিকাশ অ্যাপের গেম জোনে ডাউনলোড-ইনস্টল ছাড়াই গেমিং
· Prothom Alo
গেমিংয়ের নতুন অভিজ্ঞতা এখন বিকাশ অ্যাপেই। গেমাররা কোনো অ্যাপ ডাউনলোড বা ইনস্টল ছাড়াই সরাসরি বিকাশ অ্যাপের ‘গেম জোন’ থেকে বিভিন্ন ধরনের গেম খেলতে এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নিতে পারছেন। গেমগুলোতে গেমারদের জন্য নিরাপত্তার পাশাপাশি কনটেন্টের ভেতরে গ্যাম্বলিং ও বেটিংয়ের কোনো সুযোগ না থাকার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
Visit playerbros.org for more information.
অ্যাপের হোমস্ক্রিনে থাকা ‘গেম জোন’ আইকনে প্রবেশ করে ব্যবহারকারীরা রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার, স্পোর্টস ও পাজলসহ বিভিন্ন ক্যাটাগরির গেম খেলতে পারবেন। প্ল্যাটফর্মটিতে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টেরও আয়োজন থাকবে, যেখানে গেমাররা নিজেদের সুবিধামতো সময়ে অংশ নিতে পারবেন।
গেম জোনে বিভিন্ন ক্যাটাগরির গেম থাকলেও সেগুলো খেলতে যেহেতু আলাদা করে মুঠোফোনে অ্যাপ ইনস্টল করতে হয় না, ফলে ফোনের অতিরিক্ত স্টোরেজ ব্যবহারের প্রয়োজন হবে না। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিকাশ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নতুন এই ফিচারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন ফুটবলার এবং বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা উপস্থিত ছিলেন।
আজমল হুদা বলেন, সাধারণ ইন্টারনেটভিত্তিক গেমিং সাইটে অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বা অনুপযুক্ত কনটেন্টের মুখোমুখি হতে হয় ব্যবহারকারীদের। তবে বিকাশ গেম জোনে সে ধরনের ঝুঁকি নিয়ন্ত্রণ করা হয়েছে।
গেমগুলো বাছাইয়ের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান আজমল হুদা। তিনি বলেন, ‘বর্তমানে অনলাইন গ্যাম্বলিং ও বেটিং নিয়ে সমাজে যে উদ্বেগ রয়েছে, সেটি বিবেচনায় রেখেই গেম জোনের সব গেম নির্বাচন করা হয়েছে। বিশ্বমানের নির্মাতাদের কাছ থেকে আনা এসব গেমে যেন গ্যাম্বলিং বা বেটিং-সংশ্লিষ্ট কোনো কিছু না থাকে, সে বিষয় বিশেষ সতর্কতার সঙ্গে দেখা হয়েছে।’
উদ্বোধনের অংশ হিসেবে ফুটবলভক্তদের জন্য ‘হামজা ভার্সেস ওয়ার্ল্ড’ নামে একটি এক্সক্লুসিভ গেম চালু করা হয়েছে। এতে ব্যবহারকারীরা জাতীয় দলের ফুটবলার হামজার চরিত্রে খেলতে পারবেন এবং নিজেদের পছন্দের প্রতিপক্ষ দলের বিপক্ষে ভার্চ্যুয়াল ম্যাচে অংশ নিতে পারবেন।
গেম জোনে সাপ্তাহিক ও মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে ১০০টির বেশি গেম খেলার সুযোগ পাবেন গ্রাহকেরা। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন মার্চেন্টের গেম, অনলাইন টুর্নামেন্ট এবং পুরস্কার জয়ের সুযোগও থাকবে। ব্যবহারকারীরা চাইলে গেম জোন থেকেই যেকোনো সময় তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন।