এআই দিয়ে তৈরি আধেয় চেনাতে টিকটকের উদ্যোগ

· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভিন্ন আধেয় বা কনটেন্ট সহজে চেনার পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। নতুন এ উদ্যোগের আওতায় এআই দিয়ে তৈরি আধেয়বিষয়ক শিক্ষামূলক তথ্য প্রকাশের পাশাপাশি স্প্যাম শনাক্ত করার টুল ও সুরক্ষা–ব্যবস্থা চালু করেছে চীনের ভিডিও–নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক জ্ঞান বাড়াতে এবং সবাইকে এআই প্রযুক্তি সম্পর্কে জানাতে, ‘নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স’ (এনএএমএলই) গড়ে তোলার পাশাপাশি একটি ব্যবহারিক গাইড তৈরি করেছে টিকটক। গত বছরের নভেম্বরে চালু হওয়া টিকটকের তৈরি শিক্ষামূলক আধেয় ২০ কোটি বারের বেশি দেখা হয়েছে। বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের জন্য চালু করা এই কর্মসূচিতে ৪০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয় করার পরিকল্পনা রয়েছে টিকটকের।

Visit afsport.lat for more information.

জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া তথ্য ও স্প্যাম বার্তা ঠেকাতে নিজেদের সুরক্ষা–ব্যবস্থাও বাড়িয়েছে টিকটক। এর ফলে বছরের প্রথম প্রান্তিকেই ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরানো সম্ভব হয়েছে। রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে এআই–নির্ভর স্প্যাম পোস্ট করা অ্যাকাউন্টগুলো দ্রুত শনাক্তে শিগগিরই নতুন প্রযুক্তির ব্যবহার পরীক্ষামূলকভাবে শুরু করবে টিকটক।

‘ম্যানেজ টপিকস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিডে কতটা এআই কনটেন্ট দেখতে চান, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যবহারকারীদের সৃজনশীলতা এবং এআই নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা দিতে ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’ নামের টুল তৈরি করছে টিকটক।

Read full story at source