চট্টগ্রাম ও সিলেটে বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বিমানবাহিনী

· Prothom Alo

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও সিলেটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। এ প্রাকৃতিক দুর্যোগের সময়ে বাংলাদেশ বিমানবাহিনী অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

Visit milkshakeslot.online for more information.

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় সোমবার বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিমানবাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত পরিবারের মধ্যে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়। চলমান দুর্গত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবাহিনীর এ ত্রাণ কার্যক্রম ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

যেকোনো সময় উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিমানবাহিনীর উদ্ধারকারী দল ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে বিমানবাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সক্রিয় করা হয়েছে। সেলটি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিয়োজিত রয়েছে।

দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে আইএসপিআরের বার্তায় বলা হয়।

Read full story at source