হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
· Prothom Alo
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১১০ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭২৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
Visit casino-promo.biz for more information.
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৯৬৮। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। তাদের মধ্যে ৩০১ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৮১), বরিশাল (১৩৭) ও সিলেট (৮৭)। গত ২৪ ঘণ্টায় হামের ৭৮৪ রোগী হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে।
গত ১৫ মার্চ দেশে প্রথম হামের রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১০ দিনে হামের রোগীর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৬১। হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ২৬২ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জনের। এ ছাড়া ১১০ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৮৩ হাজার ৫৪৩ জন।