ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
· Prothom Alo

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমন শেখ (২৪) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পাশের উপজেলা কাশিয়ানীর এম এ খালেক ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
Visit sportbet.rodeo for more information.
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখের পরিবারের বিরোধ চলে আসছিল। এর আগেও তাদের মধ্যে কয়েকবার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেলে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুমন। পথে বড়ভাগ গ্রামের পূর্ব পাড়ায় উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে হুসাইন শেখের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী তাঁর পথ রোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্বজনেরা সুমনকে উদ্ধার করে প্রথমে পাশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আটটার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত হুসাইন শেখ পলাতক। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সুমনের ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।