সিলেটের সদ্য বিদায়ী ডিসি আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণমন্ত্রী

· Prothom Alo

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের বদলি ‘রুটিন ওয়ার্ক’ বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার বিকেলে সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেক ও দানবাক্সে সিলগালা করার ঘটনায় সিলেটের ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নও মন্ত্রীর কাছে সাংবাদিকেরা রাখেন। এর উত্তরে মন্ত্রী বলেন, ‘এটা কাকতালীয়। এটা (বদলি) আগে হইলেও হইতে পারত, পরে হইলেও হইতে পারত। তবে উনি (সারওয়ার) আমাদের চোখ খুলে দিয়েছেন। সেদিকেই আমরা মোটামুটি জনগণের প্রত্যাশা পূরণে থাকব।’

Visit albergomalica.it for more information.

প্রবাসীকল্যাণমন্ত্রী সদ্য বিদায়ী ডিসির মাজারকেন্দ্রিক পদক্ষেপ প্রসঙ্গে বলেন, ‘আমি তো মনে করি, এ ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। মাজারের যাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা সিলেটের সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ করে কাটিয়ে ওঠা হবে। খুব তাড়াতাড়ি এটা হবে।’

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।’

আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বলেন, ‘আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখব আসতে পারে।’

মালয়েশিয়া সফর প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন।’

সিলেট ছাড়ার আগে ফেসবুকে ডিসি সারওয়ারের স্ট্যাটাস: ভালো থাকুন সিলেটবাসী

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পাশাপাশি প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং বিমানবন্দরে শিশুদের জন্য কিডস জোন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার

কাতারে নিহত সিলেটের পাঁচ প্রবাসী যুবকের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও প্রবাসীকল্যাণমন্ত্রী বলেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর সঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিনহা, শ্রম মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রবাসীকল্যাণমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।

Read full story at source