মুমিনের জীবনে আত্মসমালোচনা কেন জরুরি

· Prothom Alo

আমরা প্রায়ই অন্যের ভুল-ত্রুটি খুঁজে বের করতে ব্যস্ত থাকি। কে কোথায় ভুল করল, কার আচরণে কী ত্রুটি রয়েছে—এসব বিষয়ে আমাদের আগ্রহের যেন শেষ নেই। অথচ একজন সচেতন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নিজের আমল, চিন্তা ও আচরণের দিকে ফিরে তাকানো এবং নিয়মিত সেগুলোর মূল্যায়ন করা। ইসলামে একে বলা হয় মুহাসাবা বা আত্মসমালোচনা।

আত্মসমালোচনা শুধু আত্মপর্যালোচনার একটি প্রক্রিয়াই নয়; বরং এটি মানুষের চরিত্র, নিয়ত এবং আখেরাতমুখী জীবন গঠনের একটি শক্তিশালী মাধ্যম। নিয়মিত আত্মসমালোচনা মানুষকে ধীরে ধীরে সংশোধন, আত্মোন্নয়ন এবং আল্লাহভীতির দিকে পরিচালিত করে।

Visit rouesnews.click for more information.

১. অপরাধবোধ জাগ্রত করে

ভুল করা মানুষের সহজাত স্বভাব। কথা, কাজ কিংবা আচরণে মানুষ নানাভাবে ভুল করে থাকে। কিন্তু যে ব্যক্তি নিয়মিত নিজের হিসাব নেয়, সে সহজেই নিজের ত্রুটিগুলো চিহ্নিত করতে পারে এবং সেগুলো সংশোধনের সুযোগ পায়।

আল্লাহ-তাআলা বলেন, “হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে, সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে।” (সুরা হাশর, আয়াত: ১৮)

এই আয়াত মুমিনকে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার দিকে আহ্বান জানায়। ‘আমার লক্ষ্য কী? সে লক্ষেই কি আমি অগ্রসর হচ্ছি, ’—এই প্রশ্নগুলোই মানুষকে তওবা ও আত্মোন্নতির পথে পরিচালিত করে।

ইসলামে ধ্যান করার কার্যকর ৫ পদ্ধতি

২. জবাবদিহির অনুভূতি তৈরি করে

প্রতিটি মানুষ কেয়ামতের দিন আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হবে–এই বিশ্বাস একজন মুমিনের ইমানের অবিচ্ছেদ্য অংশ। আত্মসমালোচনা এই বিশ্বাসকে আরও দৃঢ় ও জীবন্ত করে তোলে।

আল্লাহ-তাআলা বলেন,, “অণু পরিমাণ সৎকাজ যে করবে, সে তা দেখতে পাবে। আর অণু পরিমাণ অসৎকাজ যে করবে, সেও তা দেখতে পাবে।”(সুরা জিলজাল, আয়াত: ৭-৮)

যখন মানুষ উপলব্ধি করে যে তার কোনো কাজই আল্লাহর জ্ঞান থেকে গোপন নয়, তখন সে আরও সচেতন, দায়িত্বশীল ও সতর্ক হয়ে ওঠে। এর ফলে তার চরিত্র ও আচরণে ইতিবাচক পরিবর্তন আসে।

৩. আমলে ইখলাস বৃদ্ধি করে

বান্দার ইবাদত ও সৎকর্ম তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, যখন তা একমাত্র তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত হয়। কিন্তু অনেক সময় মানুষের অন্তরে লোক দেখানো, প্রশংসা লাভ কিংবা ব্যক্তিগত স্বার্থের প্রবণতা প্রবেশ করে।

আত্মসমালোচনা মানুষকে নিজের নিয়ত যাচাই করতে শেখায়। সে নিজেকে প্রশ্ন করে, ‘আমি এই কাজটি কার জন্য করছি—আল্লাহর সন্তুষ্টির জন্য, না-কি মানুষের প্রশংসা পাওয়ার জন্য?’

রাসুল (সা.) বলেছেন, “নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল।”(সহিহ বুখারি, হাদিস: ১)

জীবনে শৃঙ্খলা ফেরাতে কোরআনের এই ৭ শিক্ষা

৪. অহমিকা দূর করে

অহমিকা মানুষের অন্তরের সবচেয়ে ভয়ংকর ব্যাধিগুলোর একটি। এটি মানুষকে সত্য গ্রহণ থেকে বিরত রাখে এবং অন্যদের তুচ্ছজ্ঞান করতে শেখায়।

নবীজি (সা.) বলেছেন,“যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।” (সহিহ মুসলিম, হাদিস: ৯১)

নিয়মিত আত্মসমালোচনা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তার সব অর্জন শুধু আল্লাহর অনুগ্রহের ফল। এতে নিজের কোনো বিশেষ কৃতিত্ব নেই। এই উপলব্ধি হৃদয় থেকে অহমিকা দূর করে এবং বিনয়ী চরিত্র গঠনে সাহায্য করে।

৫. আমলের মান উন্নত করে

আত্মসমালোচনার সবচেয়ে বড় উপকার হলো, এটি মানুষকে ধারাবাহিক আত্মোন্নতির পথে এগিয়ে নেয়। সে প্রতিদিন চেষ্টা করে আগের দিনের চেয়ে ভালো হতে।

নামাজ, কোরআন তেলাওয়াত, দান-সদকা, মানুষের সঙ্গে আচরণ এবং সময়ের ব্যবহারে সে আরও সচেতন হয়। কোথাও ঘাটতি আছে কি-না সে তা খুঁজে বের করে এবং সংশোধনের প্রয়াস চালায়।

রাসুল (সা.) বলেছেন, “বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৯)

আল্লাহ–তাআলা আমাদের সবাইকে নিয়মিত আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের আমল, আখলাক ও ত্রুটিবিচ্যুতি সংশোধন করার তাওফিক দান করুন। আমিন।

  • রায়হান আল ইমরান : লেখক ও গবেষক 

বিপদে মুমিনের প্রথম করণীয় কী

Read full story at source