নেত্রকোনায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে

· Prothom Alo

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে ৫৩ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে নেত্রকোনা সদর উপজেলার বাইপাস সড়কে মেদনি ও সিংহের বাংলা ইউনিয়নের মাঝামাঝি স্থানে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে, তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Visit h-doctor.club for more information.

যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ২০–২৫ নেতা–কর্মী ব্যানার নিয়ে মিছিল করছেন। ব্যানারের লেখা ‘গ্যাস নাই, বিদ্যুৎ নাই; এই রাষ্ট্র কার ভাই’। মিছিলে প্রায় প্রত্যেকের মুখ মাস্ক দিয়ে ঢেকে রেখেছেন।

ভিডিওতে বিভিন্ন স্লোগান শোনা গেছে। এর মধ্যে আছে, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ মানি না, মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল–গ্যাস–বিদ্যুৎ নাই, এই সরকারের দরকার নাই’ ও 'আমরা সবাই মুজিব সেনা, ভয় করে না বুলেট বোমা’।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ ও যুবক জড়ো হয়ে বাইপাস সড়কে মিছিল শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, অংশগ্রহণকারীরা প্রায় চার মিনিট মিছিল করে তাঁরা দ্রুত সরে যান। এ সময় সড়ক দিয়ে কয়েকটি ইজিবাইক চলছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পুলিশ এ ধরনের কোনো মিছিলের খবর পায়নি। তাঁর ধারণা, এটি পুরোনো ভিডিও হতে পারে, যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source