তাইমের কোমরের নিচে বাঁ পাশে বড় ছিদ্র দেখি
· Prothom Alo

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় নিহত পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইমের কোমরের নিচে বাঁ পাশে বড় ছিদ্র ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন এক সাক্ষী। তাঁর নাম হায়দার বিন ছাদের।
Visit saltysenoritaaz.org for more information.
তাইমকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ ২০তম সাক্ষী হিসেবে তিনি এই জবানবন্দি দেন। হায়দার বিন ছাদের পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা।
তাইমের মা তাঁর দূরসম্পর্কের বোন উল্লেখ করে জবানবন্দিতে হায়দার বিন ছাদের বলেন, ২০২৪ সালের ২১ জুলাই বিকেলে তাইমের মরদেহ তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা মরদেহ নিয়ে রাজারবাগ পুলিশ লাইনসে যান। রাজারবাগ পুলিশ লাইনস জামে মসজিদের সানি ইমাম ও তাঁর এক সহযোগী এবং তিনি নিজে তাইমের মরদেহের গোসল করান। গোসল করানোর সময় তাঁরা তাইমের কোমরের নিচে বাঁ পাশে বড় একটি ছিদ্র দেখতে পান। তখন তাইমের বাবা ও আরও দুজন পুলিশ কর্মকর্তাকে সেই ছিদ্র দেখানো হয়। তাঁরা (যাঁরা দেখলেন) আলোচনা করেন যে পিস্তলের গুলিতে ওই ছিদ্র হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ এই গুলির ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিচার চান বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাক্ষী হায়দার বিন ছাদের।
এই মামলায় মোট ১১ জন আসামি। তাঁদের মধ্যে ৯ জন পলাতক। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইন, ডেমরা অঞ্চলের সাবেক উপকমিশনার মো. মাসুদুর রহমান, ওয়ারী অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এস এম শামীম, সাবেক সহকারী কমিশনার নাহিদ ফেরদৌস, সাবেক পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসাইন, সাবেক পরিদর্শক (অপারেশন) মো. ওহিদুল হক ও সাবেক উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ উজ জামান।
কারাগারে থাকা দুই আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও সাবেক এসআই মো. শাহদাত আলী। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
‘অনেকবার গুলি করে, আমার ছেলে মা মা করে কাঁদতে থাকে’নিহত তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই। জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা পদচারী-সেতুর কাছে গুলি করে হত্যা করা হয় তাইমকে। সে (তাইম) নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।