হিলি সীমান্তে দীর্ঘ পতাকা আর আতশবাজিতে ব্রাজিলের সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
· Prothom Alo

তখন বিকেল চারটা। আকাশ থেকে টিপটিপ বৃষ্টি ঝরছে। আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে ব্রাজিলের বিভিন্ন বয়সী সমর্থকদের মাথা ও হাতে হলুদ-সবুজের পতাকা। কারও গালে ট্যাটু। আবার কারও হাতে প্লাস্টিকের লম্বা বাঁশি। সবার অপেক্ষা বর্ণাঢ্য শোভাযাত্রার। ব্যান্ডপার্টির ঢোল ও বাঁশিতে বাজনা শুরুর সঙ্গে সঙ্গে বের হলো শোভাযাত্রা। বাজনার তালে কেউ নাচছেন, কেউ হাততালি দিচ্ছেন। আবার কেউ বড় বাঁশির শব্দে মুখর করছেন আকাশ-বাতাস।
আজ বুধবার বিকেলে এমন দৃশ্য দেখা গেল দিনাজপুরের হাকিমপুর পৌর শহরের হিলি সীমান্তে। হাকিমপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে হিলি-জয়পুরহাট পাকা সড়ক থেকে বিশ্বকাপ ফুটবল দল ব্রাজিলের সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় ব্রাজিল–ভক্তরা আতশবাজি ফোটান ও উল্লাস করেন।
Visit rouesnews.click for more information.
শোভাযাত্রায় হাকিমপুর ও আশপাশের উপজেলা থেকে ব্রাজিলের সমর্থক হিসেবে রাজনৈতিক নেতা–কর্মী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিভিন্ন বয়সী যুবক ও শিশুরার ব্রাজিল দলের জার্সি পরে অংশ নেন। শোভাযাত্রাটি হিলি সিপি রোড হয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের পাশ দিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার পাশে বিভিন্ন দোকান, বাসাবাড়ি ও পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও সমর্থন জানান।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিলের সমর্থক হাসান আলী বলেন, ‘ফুটবল খেলা তাঁর অত্যন্ত পছন্দের খেলা। আর ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের বিস্ময়কর বালক এন্দ্রিকের মতো খেলোয়াড়েরা তো হৃদয়ে থাকে। আশা করছি, বিশ্বকাপের মাঠ থেকে এবারের ট্রফি ব্রাজিলের ঘরে যাবে।’
এ বিষয়ে ব্রাজিল সমর্থক ও বিএনপির হাকিমপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপুল রেজা বলেন, ‘আমরা বাংলাদেশকে হৃদয়ে লালন করি। কিন্তু ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য ও কারিশমা আমাদের মুগ্ধ করে। আজ বিকেলে ঝড়বৃষ্টিতে ভিজে হিলিতে বিভিন্ন এলাকা থেকে ব্রাজিলের সমর্থকেরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন। রাজনৈতিক দ্বন্দ্ব ও অভিমান পেছনে ফেলে ব্রাজিলের ভক্তরা হিলি বাজারে একসঙ্গে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগ করবেন। এ জন্য সবাই উদ্দীপ্ত করতে আজকের এই শোভাযাত্রা।’