জুয়ার আসর নিয়ে বিরোধ, ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু

· Prothom Alo

বাড়িতে ঢুকে ভাতিজাকে মারধর করেছিলেন কয়েকজন। তা দেখে এগিয়ে যান চাচা। ভাতিজাকে রক্ষা করতে গেলে তাঁকেই মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Visit mchezo.life for more information.

গতকাল শনিবার রাত নয়টার দিকে এমনই ঘটনা ঘটেছে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লচি সরদারবাড়িতে। নিহত ব্যক্তির নাম মো. কামাল উদ্দিন (৫০)। তিনি ওই এলাকার মৃত মো. সোলেমানের ছেলে। পেশায় গাছ ব্যবসায়ী ছিলেন মো. কামাল উদ্দিন।

পুলিশ ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এলাকায় জুয়ার আসর বসানোর অভিযোগে গতকাল রাতে ঘরে ঢুকে মো. কামাল উদ্দিনের ভাতিজা মো. ফরহাদের ওপর হামলা করেন স্থানীয় কিছু বাসিন্দা। এ সময় ফরহাদকে বাঁচাতে গেলে হামলাকারীরা কামাল উদ্দিনকেও মারধর করেন। এরপর কামালের মৃত্যু হয়েছে।

জানতে চাইলে সুধারাম থানার পরিদর্শক রামচন্দ্র ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে ফরহাদের ওপর হামলা হয়েছে। তাঁকে রক্ষা করতে গিয়ে কামাল উদ্দিনও হামলার শিকার হয়েছেন বলে পরিবারের অভিযোগ। তবে সুরতহাল প্রতিবেদনে কামাল উদ্দিনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source