শিশুর খাবারের সঠিক সংরক্ষণ: পুষ্টি রক্ষায় যা জানা জরুরি
· Prothom Alo
শিশুর যখন ছয় মাস বয়স পার হয়, তখন খাবারের ক্ষেত্রে মায়ের দুধের পাশাপাশি তখন শুরু হয় এক নতুন অধ্যায়—প্রথমে কঠিন খাবার বা সলিড ফুড খাওয়ানোর চেষ্টা। চাল-ডালের নরম খিচুড়ি থেকে শুরু করে সবজি বা ফলের পিউরি—প্রতিটি লোকমা শিশুর পুষ্টির নিশ্চয়তা দেয়। কিন্তু কর্মব্যস্ত জীবনে প্রতিদিন কয়েকবার টাটকা খাবার তৈরি করা অনেক সময় মা–বাবা বা অভিভাবকদের জন্য কঠিন হয়ে পড়ে। এখানেই সামনে আসে সঠিক সংরক্ষণের প্রশ্ন। তবে খাবার শুধু ফ্রিজে রাখলেই কি সেটি নিরাপদ?
Visit catcross.biz for more information.
সলিড ফুডের সংবেদনশীলতা ও ব্যাকটেরিয়ার ঝুঁকি
শিশুকে খাওয়ানোর পর অবশিষ্ট খাবার সাধারণ খাবারের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। এ বিষয়ে পুষ্টিবিদ ইসরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘সঠিক আর্দ্রতা ও তাপমাত্রায় শিশুর বাড়তি খাবার সংরক্ষণ না করা হলে তাতে খুব দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক বংশবিস্তার করে। বড়দের পরিপাকতন্ত্র শক্তিশালী হওয়ায় অনেক সময় তারা মানিয়ে নিতে পারলেও শিশুর ক্ষেত্রে ডায়রিয়া, বমি থেকে শুরু করে বাড়তে পারে নানা জটিল অসুখ।’
ইসরাত জাহান আরও জানান, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু পূর্ণবয়স্কদের মতো নয়, তাই খাবারের সামান্য বিচ্যুতিও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। খাবারের বিভিন্ন ভিটামিন ও মিনারেল ধরে রাখতে হলে এমন এক পরিবেশ প্রয়োজন, যেখানে আর্দ্রতার ভারসাম্য ঠিক থাকে। সাধারণ রেফ্রিজারেটরের ড্রয়ারে অনেক সময় অতিরিক্ত আর্দ্রতা খাবারকে চটচটে করে ফেলে বা কম আর্দ্রতা খাবারকে শুকিয়ে পুষ্টিহীন করে দেয়।
আর্দ্রতার ভারসাম্য ও পুষ্টির সুরক্ষা
শিশুর খাবারের পুষ্টির সিংহভাগ জুড়ে থাকে জলীয় অংশ ও প্রাকৃতিক এনজাইম। আমরা যখন গাজর, আপেল বা পেঁপের পিউরি তৈরি করি, তখন এর ভিটামিন সি বা অন্য বি-ভিটামিনগুলো বাতাসের সংস্পর্শে ও তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে দ্রুত অক্সিডাইজড হতে শুরু করে। সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী, খাবারের এই কোষীয় গঠন ঠিক রাখতে হলে কেবল হিমাঙ্ক নয়, বরং একটি নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ দরকার।
যদি সংরক্ষণের স্থানে আর্দ্রতা খুব বেশি থাকে, তবে সেখানে ফাঙ্গাস বা ড্যাম্পনেস তৈরির ঝুঁকি বাড়ে। আবার আর্দ্রতা কমে গেলে খাবার তার স্বাদ ও সজীবতা হারিয়ে ফেলে। তাই শিশুর অপরিহার্য ভিটামিনগুলো অক্ষুণ্ণ রাখতে আর্দ্রতা ও তাপমাত্রার এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায়, সঠিক আর্দ্রতার অভাবে ফ্রিজে রাখা ফল বা সবজির উপরিভাগ কালো হয়ে যায়, যা সরাসরি পুষ্টির ক্ষয়ের কারণ।
বারবার গরম করার বিপত্তি
শীত হোক বা প্রচণ্ড গরম, বারবার খাবার গরম করার প্রবণতা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। এটি শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ইসরাত জাহান বলেন, ‘খাবার বারবার গরম করলে ভিটামিন নষ্ট হওয়ার পাশাপাশি প্রোটিনের কোয়ালিটিও নষ্ট হয়। ফলে শিশুটি খাবার খেলেও তার শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না।’
ইসরাত জাহানের মতে, খাবারের গুণাগুণ বজায় রাখার জন্য বারবার ওভেনে বা চুলায় গরম না করে আধুনিক রেফ্রিজারেটরের স্মার্ট কুলিং প্রযুক্তি ব্যবহার করা একটি কার্যকরী সমাধান হতে পারে। এই প্রযুক্তি খাবারকে এমন এক তাপমাত্রায় রাখে যা পুনরায় গরম করার প্রয়োজনীয়তা কমিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ খাবারের সজীবতা ধরে রাখে। এতে খাবারের প্রাকৃতিক স্বাদ ও গঠন দুই-ই অটুট থাকে।
নিরাপদ সংরক্ষণের কিছু নির্দেশিকা
ইসরাত জাহান জানান, শিশুর খাবার ফ্রিজে রাখার ক্ষেত্রে কিছু মৌলিক নিয়ম মেনে চলা দরকার। খাবার সব সময় ‘এয়ারটাইট’ বা বায়ুরোধী কাচের পাত্রে রাখা ভালো, কারণ এতে বাইরের গন্ধ বা ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে মিশতে পারে না। এ ছাড়া পুরো বেলার খাবার একবারে না রেখে ছোট ছোট অংশে ভাগ করে রাখা উচিত, যেন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নেওয়া সহজ হয় এবং বাকি খাবারটি নিরাপদ থাকে।
বারবার ফ্রিজ খুললে ভেতরের তাপমাত্রা ওঠানামা করে, যা খাবারের মান নষ্ট করতে পারে। তাই শিশুর খাবারের সজীবতা বজায় রাখতে ফ্রিজের দরজা খোলার বিষয়েও সচেতন হওয়া জরুরি।
প্রযুক্তির ভূমিকা ও সমাধান
বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরে এমন সব সেন্সর ব্যবহার করা হয়, যা প্রতিমুহূর্তে ভেতরের আর্দ্রতা পর্যবেক্ষণ করে। সংশ্লিষ্টদের মতে, পুষ্টির সুরক্ষা ও গুণাগুণ বজায় রাখতে স্মার্ট কুলিং বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি কেবল খাবারকে ঠান্ডা রাখে না, বরং খাবারের প্রতিটি উপাদানের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে। সঠিক সংরক্ষণ পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শিশুর স্বাস্থ্যকর বেড়ে ওঠা নিশ্চিত করা সম্ভব। সচেতনতাই হতে পারে শিশুর সুস্থ ভবিষ্যতের প্রথম ধাপ।