ত্রয়োদশ সংসদ পিঁপড়ার বলের মতো: চিফ হুইপ

· Prothom Alo

পানিতে বেঁচে থাকার জন্য পিঁপড়া দলবদ্ধ হয়ে বলের মতো যে পিন্ড তৈরি করে, তার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদকে তুলনা করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘আজকের বাংলাদেশ জাতীয় সংসদ আজকের এইখানে দাঁড়িয়ে, এই পিঁপড়ার বলের মতনই। আমরা কেউ মরতে চাই না।’

Visit cat-cross.com for more information.

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে চিফ হুইপ এ কথা বলেন।

বর্তমান সংসদকে মজলুমের সংসদ আখ্যা দিয়ে চিফ হুইপ অতীতের কথা তুলে ধরে বলেন, ‘সংসদের বিরুদ্ধে যে কথা বলত, সবসময় বলত জামায়াত-বিএনপি, এই কথা বলেই আমাদের আক্রমণ করা হতো। শুরুই হতো জামায়াত-বিএনপি, তারপর আমাদের বিরুদ্ধে স্লোগান তৈরি করল ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়ার। এটা টেলিভিশনে রেডিওতে বলা হতো এবং ‘তুই রাজাকার’ ‘তুই রাজাকার’ এটা পত্রিকার একটি হেডলাইন ছিল। এরকম পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা দীর্ঘদিন। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি। কোন দোষারোপের বিষয় নয়, ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার জন্য।’

নিজেকে সাগর পাড়ের মানুষ উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, তিনি দেখেছেন যখন পানি আসে তখন পিঁপড়ারা একত্রিত হয়। একটা বলের মত হয়ে যায়। নিচে যে পিঁপড়া পড়ে সেটা আবার উপরে উঠে, উপরের পিঁপড়াটা নিচে যায়। তারা এরকম করতে করতে বেঁচে থাকে। তারা কেউই মারা যায় না। সবাই বেঁচে থাকে।

বর্তমান জাতীয় সংসদকে ওই পিঁপড়ার বলের সঙ্গে তুলনা করে চিফ হুইপ বলেন, ‘আমরা কেউ মরতে চাই না। আমরা বাঁচতে চাই সবাই মিলে। আমরা বাঁচতে চাই দেশটাকে নিয়ে। দেশটাকে বাঁচিয়ে তারপর আমরা বাঁচতে চাই। সেই দায়িত্ব নিয়ে এখানে বসেছি।’

Read full story at source