তাপপ্রবাহ ১৭ জেলায়, ঢাকায় তাপমাত্রা সামান্য কমল
· Prothom Alo
দেশের ১৭ জেলায় আজ শুক্রবার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ছিল ২১। সেই হিসাবে গতকালের চেয়ে আজকের তাপপ্রবাহের এলাকা কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য কমেছে। তবে গরমের অনুভূতি কিন্তু গতকালের মতোই। রাজধানীতে আজ তাপমাত্রা কিছুটা কমলেও সেখানেও অনুভূতি প্রায় আগের মতোই। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকালও তাপপ্রবাহ থাকতে পারে বিভিন্ন জেলায়।
Visit zeppelin.cool for more information.
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ খুলনা বিভাগের সর্বত্র ও আরও সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ছাড়া বাকি ছয় জেলা হলো পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও পটুয়াখালী।
খুলনা বিভাগে জেলার সংখ্যা ১০। সে অনুযায়ী আজ তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ১৭টি।
চলতি মাসের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। পরে অবশ্য ঝড়বৃষ্টির কারণে তা কমে আসে। তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। এর মধ্যে গত বুধবার চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আজ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ নগরে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আগামী রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।
কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সে অনুযায়ী আজ রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।