জ্বালানি ও হামের মতো সংকট মোকাবিলায় সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
· Prothom Alo

জ্বালানিসংকট ও হামের মতো সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এমন এক সময় জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছি, যখন দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়। এতে সারা বিশ্বে জ্বালানির সংকট দেখা দেয়। এরপরই আমাদের শিশুদের মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তা মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে আমরা গণমাধ্যমের খবরে জেনেছি, আমাদের সচেতনতার কিছুটা ঘাটতির কারণে কীভাবে বেশ কিছু শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।’
Visit freshyourfeel.org for more information.
দায়িত্বশীল সরকার হিসেবে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত দিনে যেসব সরকার দায়িত্ব পালন করেছে, তারা এই টিকাদান কর্মসূচিকে যথাযথভাবে পরিচর্যা করেনি। এ কারণেই আজ যখন সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখন এর প্রাদুর্ভাব থেকে আমরা শিশুদের সুরক্ষা দিতে অনেকটা ব্যর্থ হয়েছি।’
তথ্যমন্ত্রীর অভিযোগ, ‘দেশে প্রচুর প্রাকৃতিক গ্যাসের মজুত থাকলেও বিগত স্বৈরাচার সরকার নিজেদের ব্যবসার স্বার্থে দেশীয় গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা না করে আমদানিনির্ভর জ্বালানিনীতি তৈরি করেছিল। এটা কেবলই নিজেদের ও দলীয় স্বার্থে করা হয়েছিল। আজ যদি আমাদের নিজস্ব গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকত, তাহলে হরমুজ প্রণালির এই সংকটে আমাদের পড়তে হতো না।’
জহির উদ্দিন স্বপনের মতে, ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিরোধী ও জনবিচ্ছিন্ন হয়, তখন এর পরিণতি যে কতটা সুদূরপ্রসারী ও খারাপ হতে পারে, তার প্রমাণ হচ্ছে এই জ্বালানিসংকট। এ জন্য প্রধান অপরাধী হচ্ছে, পলাতক স্বৈরাচার সরকার। তারা রপ্তানি আয়ের বৈদেশিক মুদ্রার বাড়তি ব্যয় করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে।
রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার আনতে না পারলে এসব সংকট থেকে জনগণকে উদ্ধার করা যাবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ জন্য ক্ষমতায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রসংস্কারের কর্মসূচি দিয়েছেন। সেই কাজের ধারাবাহিকতা রক্ষায় জ্বালানিসংকট ও হামের মতো দুর্যোগ মোকাবিলায় কাজ করা হচ্ছে।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন বলেই শিশুদের ছয়টি টিকার গুরুত্ব অনুধাবন করে ১৯৭৯ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি হাতে নিয়েছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। আজ তাঁদের উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই দায়িত্ব পালন করছেন। আর যাঁরা এই দায়িত্ব পালন করেননি, অবহেলা করেছেন, তাঁরা আজ কেবল দর্শক।’