খুলনায় পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরি মেরে হত্যা, আহত ২
· Prothom Alo

খুলনার ফুলতলা উপজেলায় ছুরিকাঘাতে সাব্বির হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার দামোদর ইউনিয়নের তহশিল অফিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
Visit newsbetting.bond for more information.
নিহত সাব্বির ফুলতলা বাজার বাসস্ট্যান্ড এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিশ ও ইন্টারনেট সংযোগের কাজ করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে দামোদর জমাদ্দারপাড়া এলাকায় কথা-কাটাকাটির জেরে সাব্বিরসহ তিনজনের ওপর হামলা চালান এক দল লোক। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ওই তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাঁরা পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত স্বাধীন আহমেদ (২০) ও নীরব হোসেন (১৯)চিকিৎসাধীন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারী ও হতাহত ব্যক্তিরা পরস্পরের বন্ধু। চার-পাঁচ দিন আগে তাঁদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।