যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে প্রোগ্রামিং শেখার সুযোগ
· Prothom Alo

বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য আবারও বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস পিচ ও মেহরান সাহামির উদ্যোগে পরিচালিত ‘কোড ইন প্লেস’ নামের এই অনলাইন কোর্সটি পাইথন প্রোগ্রামিং ভাষার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোর্সে অংশ নেওয়ার জন্য ৮ এপ্রিলের মধ্যে এই ঠিকানায় আবেদন করতে হবে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং একই বিশ্ববিদ্যালয়ের পিচ ল্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন কোর্সটিতে শুরু থেকে পাইথন শেখানোর জন্য প্রতি সপ্তাহে একটি বিষয়ের ওপর একাধিক ভিডিও ক্লাস করানো হবে। আর তাই শিক্ষার্থীরা সহজেই কোর্সটির মাধ্যমে কন্ট্রোল ফ্লো উইথ কারেল, দ্য আর্ট অব কোডিং, কনসোল প্রোগ্রামিং, আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েবল, গ্রাফিকস, লিস্ট ও ডিকশনারি ইত্যাদি শিখতে পারবেন। শুধু তা–ই নয়, ভিডিওভিত্তিক ক্লাসগুলো পরে যেকোনো সময় দেখে নেওয়ার সুযোগ থাকায় কারও সহায়তা নিতে হবে না।
Visit freshyourfeel.org for more information.
গত দুই বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাইথন প্রোগ্রামিং শেখানোর কার্যক্রমে সেকশন লিডার হিসেবে যুক্ত ছিলেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মেন্টর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাফিল শাহীন। তিনি জানান, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাইথন প্রোগ্রামিং শেখানোর কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা মেন্টরিং দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। বিশেষ করে কোনো সমস্যার সরাসরি সমাধান না দিয়ে শিক্ষার্থীদের থেকেই কীভাবে সমস্যা সমাধান করিয়ে নেওয়া যায়, তা জানা সম্ভব হয়েছে।
বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান বলেন, ‘এর আগে এই কোর্সের মাধ্যমে আমাদের দেশের অনেক শিক্ষার্থী প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এই কোর্সে নির্দিষ্ট সময়সীমা ও মেন্টরের সহায়তায় শিক্ষার্থীদের নিয়মিতভাবে শেখার সুযোগ থাকে, যা তাদের শেখার ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।’
প্রসঙ্গত, বিনা মূল্যে প্রোগ্রামিং শেখার পাশাপাশি এই কোর্সে শিক্ষক বা মেন্টর হিসেবেও যুক্ত থাকা যাবে। ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রোগ্রামার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কোর্সের সেকশন লিড হওয়ার জন্য আবেদন করতে পারেন।