সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’, আসছে ‘দম’

· Prothom Alo

ঈদ উপলক্ষে প্রথমে কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া মেহেদী হাসানের সিনেমা ‘রাক্ষস’ এবার সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। শুক্রবার থেকে দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে আছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

প্রযোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মণিহার সিনেমা ও মণিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম); মধুমিতা, আনন্দ, শ্যামলী স্কয়ার ও সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীলসহ (কুষ্টিয়া) দেশের বিভিন্ন হলে চলছে রাক্ষস।

Visit moryak.biz for more information.

সিঙ্গেল স্ক্রিনে মুক্তির খবরে উচ্ছ্বসিত সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘মাল্টিপ্লেক্স অবশ্যই বড় জায়গা, কিন্তু সিনেমার আসল দর্শক সিঙ্গেল স্ক্রিনের। তাঁরা সিনেমাকে নিজেদের করে নেন, উদ্‌যাপন করেন। “রাক্ষস” সিঙ্গেল স্ক্রিনে উদ্‌যাপনের মতো সিনেমা।’

‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদ

ছবির প্রযোজক শাহরীন আক্তার বলেন, ‘দর্শকদের অনুরোধ ছিল—কবে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস আসবে। তাঁদের জন্য সুখবর, এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করা যাবে। পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

‘রাক্ষস’ সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। আইটেম গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জেনোশেক।
অন্যদিকে আফরান নিশো অভিনীত দম সিনেমাটি ২৪ এপ্রিল সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। শুরুতে ছবিটি কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। গত বুধবার বিশেষ প্রদর্শনীতে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

এক সংবাদ মাধ্যমকে শাহরিয়ার শাকিল বলেন, ‘পাইরেসির শঙ্কার কারণে প্রথমে মাল্টিপ্লেক্সে মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে অনেকেই জানতে চাইছিলেন সিঙ্গেল স্ক্রিনে কবে দেখা যাবে দম। হলমালিকদের আগ্রহও ছিল। সব দিক বিবেচনায় ২৪ এপ্রিল সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘দম’ সিনেমার পোস্টার

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সার্ভাইভাল ঘরানার দম–এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। সিনেমাটি ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। এ মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পরিকল্পনা রয়েছে।

Read full story at source