স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে গ্রেপ্তার মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

· Prothom Alo

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ (৩০) দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।

এর মধ্যে গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে দুর্জয়ের (২৬) তিন দিন এবং মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

Visit betsport.cv for more information.

ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই মো. শহিদুজ্জামান আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

একই মামলায় গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে দুর্জয়

রিমান্ড আবেদনে বলা হয় আসামিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধ কার্যক্রম পরিচালনা করেছেন বলে সাক্ষ্যপ্রমাণ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচারের স্বার্থে মূল রহস্য উদ্‌ঘাটন, জড়িত অপর অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ইন্ধনদাতাদের শনাক্ত করতে আসামিদের পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ মার্চ বেলা ১টা ১০ মিনিটে আশুলিয়া থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২-২৫ জন নেতা-কর্মী স্লোগান দেন। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। পরে বেলা দেড়টার দিকে দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আজ আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

Read full story at source