পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন বাড়লেও চাপ নেই

· Prothom Alo

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বাড়ছে, তবে এখনো যাত্রী ও যানবাহনের চাপ তেমন বাড়েনি। পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছানোর পরপরই যাত্রী ও যানবাহনগুলো ফেরিতে উঠে পড়ছে। লঞ্চঘাটেও তেমন যাত্রীর চাপ দেখা যাচ্ছে না। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

Visit een-wit.pl for more information.

ঘাট-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, আজ থেকে সরকারি দপ্তরে ঈদের ছুটি শুরু হয়েছে। ঢাকা, গাজীপুর ও এর আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামে ফিরেছেন। দূরপাল্লার যানবাহনে যাত্রীরা পাটুরিয়া ঘাটে আসছেন। এরপর ফেরিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পার হয়ে গন্তব্যে যাচ্ছেন। অনেকে পাটুরিয়া থেকে লঞ্চেও নৌপথ পার হচ্ছেন। তবে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ এখনো স্বাভাবিক রয়েছে।

সরেজমিন দেখা গেছে, দূরপাল্লার যাত্রীবাহী বাস পাটুরিয়া ঘাটে আসার পর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে দ্রুত ফেরিতে উঠছে। পাঁচটি ঘাটের মধ্যে ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন ফেরিতে উঠছে-নামছে। তবে মূল সড়ক থেকে পন্টুনগুলো নিচু হওয়ায় অ্যাপ্রোচ সড়ক হয়ে ফেরিতে ওঠানামা করতে গাড়িগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। এতে সময় কিছুটা বেশি লাগছে।

ঢাকার সাভারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফরিদপুরের আলফাডাঙ্গার লোকমান হোসেন (৪০)। স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে গ্রামের বাড়ি ঈদ করতে যাচ্ছেন তিনি। আজ সকাল ১০টার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আজ অফিস খোলা ছিল। কিন্তু ছুটি নিয়ে আগেভাগেই বাড়িতে যাচ্ছি। আগামীকাল চাপ পড়বে। ভোগান্তি থেকে বাঁচতে এক দিন আগেই বাড়ি যাচ্ছি।’

এদিকে লঞ্চের যাত্রীরা লোকাল বাসে পাটুরিয়া পুরোনো ট্রাক টার্মিনালে এসে নামছেন। এরপর প্রায় আধা কিলোমিটার হেঁটে অথবা রিকশা, তিন চাকার ইজিবাইকে লঞ্চঘাটে এসে টিকিট সংগ্রহ করে লঞ্চে উঠছেন। অনেকেই প্রাইভেট কারে ঈদে বাড়ি ফিরছেন। এসব যানবাহন পাটুরিয়া ঘাটের আগে আরসিএল মোড় থেকে ৫ নম্বর ঘাটে আসছে। এরপর সেখান থেকে টিকিট সংগ্রহ করে ৫ নম্বর ঘাট হয়ে ফেরিতে উঠছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মোট ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আর বিআইডব্লিউটিএ সূত্র অনুযায়ী, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম বলেন, পাটুরিয়া পর্যাপ্তসংখ্যক ফেরি রয়েছে, তবে ফেরিতে যানবাহন ওঠানামার সময় কিছুটা বেশি লাগছে। ঈদে ভোগান্তি ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপার হবে।

Read full story at source