ভিডিও নির্মাতাদের জন্য ফায়ারফ্লাইয়ে নতুন এআই টুল যুক্ত করেছে অ্যাডোবি

· Prothom Alo

ভিডিও নির্মাতাদের কাজ আরও সহজ করতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীল প্ল্যাটফর্ম ফায়ারফ্লাইয়ে নতুন এআই টুল যুক্ত করেছে অ্যাডোবি। প্রতিষ্ঠানটির দাবি, ‘কুইক কাট’ নামের নতুন টুলটি কাজে লাগিয়ে সহজেই ভিডিও তৈরির প্রাথমিক ধাপগুলো দ্রুত করা যাবে।

Visit een-wit.pl for more information.

অ্যাডোবি জানিয়েছে, দ্রুত কাজ করার সক্ষমতা এখন সৃজনশীলতার একটি অপরিহার্য উপাদান। বড় ইউটিউব চ্যানেল পরিচালনার সময় বা পডকাস্টে দ্রুত প্রয়োজনীয় পরিবর্তন না আনতে পারলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। ইতিমধ্যে অনেক নির্মাতার কাজের ধারায় ফায়ারফ্লাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুইক কাট মূলত ধারণ করা ভিডিও থেকে দ্রুত ভিডিও ক্লিপের খসড়া তৈরি করে দেবে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের ভিডিও ক্লিপ আপলোড করতে পারবেন বা প্ল্যাটফর্মের ভেতরেই নতুন ফুটেজ তৈরি করতে পারবেন।

অ্যাডোবির তথ্য অনুযায়ী, নতুন এ সুবিধা প্রযুক্তিগত বিষয়ে সময় কমিয়ে নির্মাতাদের গল্প বলার ক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করবে। ভালো মানের ভিডিও তৈরির ধারণা থেকে শুরু করে প্রাথমিক খসড়া এবং চূড়ান্ত সংস্করণের পুরো প্রক্রিয়াটি এক জায়গায় সম্পন্ন করার সুযোগ থাকায় নির্মাতাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

প্রসঙ্গত, ফায়ারফ্লাইকে অ্যাডোবি একটি সমন্বিত এআই স্টুডিও হিসেবে গড়ে তুলেছে। এখানে ছবি, ভিডিও ক্লিপ, সাউন্ডট্র্যাক ও ট্রানজিশন তৈরির সুবিধা একই প্ল্যাটফর্মে পাওয়া যায়। ফলে আলাদা সফটওয়্যারে না গিয়েও কনটেন্ট নির্মাণের বিভিন্ন ধাপ সম্পন্ন করা সম্ভব।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Read full story at source