বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০ যাত্রী
· Prothom Alo

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
Visit forestarrow.rest for more information.
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস সেতু পার হয়ে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী লাবিবা পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসলাম পরিবহনের চালক কবির হোসেন (৪০) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাস দুটি সড়কের ওপর আটকে পড়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল আরও ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে গভীর রাতে যান চলাচল স্বাভাবিক হয়।