বিচার যত দ্রুত নিশ্চিত হবে, তত অপরাধের মাত্রা কমবে

· Prothom Alo

দেশব্যাপী ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যায় ধর্ষক, নিপীড়ক ও নির্যাতনকারীদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো বন্ধুসভা। ২২ মে বিকেলে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সব শিশু ও নারীর নিরাপত্তা চাই: ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Visit syntagm.co.za for more information.

ফেনী বন্ধুসভার সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী, জাসাস ফেনী জেলা সভাপতি কাজী ইকবাল আহমদ, ফেনী কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান ডা. মুসা হাসনাত, দৈনিক সময়ের রেখা পত্রিকার সম্পাদক লায়ন জাফর উল্লাহ, সোনালী ব্যাংক ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার পলাশ সূত্রধর, প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম।

ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

বন্ধুসভার সাধারণ সম্পাদক দীপঙ্কর রায় চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফেনী সাহিত্য সভার সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক নাসিম আনোয়ার, খেলাঘর ফেনী শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ উল হক খোকন, ব্যাংকার মুহিনুল হোসেন, ব্লগার কাজি তামান্না, রোকসানা আক্তার ও বিবি ফাতেমা প্রমুখ।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘সমাজে নারী ও শিশুদের প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যা অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিচারের দীর্ঘসূত্রতার কারণে সমাজে অপরাধ ও অপরাধীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ধর্ষক, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।’

ফেনী কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান ডা. মুসা হাসনাত বলেন, ‘শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় আমরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত। রাজধানীর মিরপুরে আট বছরের শিশুর নৃশংস হত্যাকাণ্ডের পরপর আরও বেশ কিছু ঘটনা আমাদের তীব্র আঘাত করেছে, ভীত করে তুলছে। রাষ্ট্রীয় আইনের ফাঁকফোকর ও বিচারের ধীরগতিতে এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী বলেন, ‘আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা যেন কোনোভাবেই বের হয়ে না যেতে পারে, সে জন্য রাষ্ট্রকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের বিচার যত দ্রুত নিশ্চিত হবে, তত অপরাধের মাত্রা কমবে। বন্ধুসভা নারী ও শিশু নির্যাতনে জড়িত অপরাধীদের সুষ্ঠ বিচার দাবি করছে।’

প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম বলেন, ‘ধর্ষক, নিপীড়ক ও নির্যাতনকারীদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সব শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ও শক্তি ব্যবহার করতে হবে। এমন দাবি জানানো আমাদের অবশ্য কর্তব্য হয়ে উঠেছে। প্রথম আলো ও বন্ধুসভা সব সময় এমন ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।’

মানববন্ধনে বন্ধুসভার জ্যেষ্ঠ সদস্য ব্যবসায়ী কামরুল জামান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় নাথ, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবুল হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, সংগঠক মানস দাস, স্বেচ্ছাসেবক নিশাদ আদনান, আবদুর রহিম, নয়ন, অর্ণবসহ বন্ধুসভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা

Read full story at source